কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০৪ নম্বর ওয়ার্ডটি শুধুমাত্র সিজার অপারেশনের রোগীদের জন্য নির্ধারিত। এ ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা অধিকাংশ সময় শারীরিকভাবে দুর্বল থাকেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।
দুঃখজনক হলেও সত্য, উক্ত ওয়ার্ডের টয়লেটটি নষ্ট থাকায় তা মেরামতের উদ্যোগ না নিয়ে কর্তৃপক্ষ টয়লেটের দরজায় তালা লাগিয়ে রেখেছে। ফলে সদ্য সিজার করা রোগীদের বাধ্য হয়ে দূরের টয়লেট ব্যবহার করতে হচ্ছে, যা তাদের জন্য চরম কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, বিশেষ করে সিজার রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে কার্যকর টয়লেট সুবিধা থাকা অত্যন্ত জরুরি। অথচ কর্তৃপক্ষের এমন অবহেলা রোগীদের মানবিক ও মৌলিক স্বাস্থ্যসেবার অধিকারের পরিপন্থী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ—অবিলম্বে উক্ত টয়লেটটি মেরামত করে রোগীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে রোগীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি হাসপাতালের সেবার মানও নিশ্চিত হবে।
লেখক: অলি আহমেদ